ডাগআউটে ফোন ব্যবহার করায় শাস্তি পেলেন রাজস্থানের ম্যানেজার

রাজস্থান রয়্যালসের ম্যানেজার রমি ভিন্দার নিষিদ্ধ হতে যাচ্ছেন, এমনটাই জোরালোভাবে ধারণা করা হয়েছিল। কিন্তু বড় কোনো শাস্তি পেলেন না তিনি। দলের ডাগআউটে মোবাইল ফোন ব্যবহার করায় কেবল এক লাখ রুপি জরিমানা করা হয়েছে এবং ভারতীয় ক্রিকেট বোর্ড তাকে কঠোর সতর্কবার্তা দিয়েছে।
আইপিএল ম্যাচ চলাকালে প্লেয়ার্স অ্যান্ড ম্যাচ অফিসিয়ালস এরিয়া (পিএমওএ) লংঘনের দায়ে এই শাস্তি পেয়েছেন ভিন্দার।
ইন্ডিয়া টুডে-কে বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া নিশ্চিত কতেরছেন, গুয়াহাটিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে রাজস্থানের ম্যাচ চলাকালে ডাগআউটে মোবাইল ফোন ব্যবহার করার ব্যাপারে ভিন্দারের কাছে ব্যাখ্যা চেয়েছিল বোর্ডের এন্টি-করাপশন ইউনিট (এসিইউ)।
দুর্নীতি বিরোধী ইউনিটের জিজ্ঞাসাবাদে ঘটনার পেছনের পরিস্থিতি জানান ভিন্দার। তার ব্যাখ্যা ইউনিটকে সন্তুষ্ট করতে পারেনি। তারপরই শাস্তিমূলক ব্যবস্থা নিলো তারা।
ফলস্বরূপ ভিন্দারকে এক লাখ রুপি জরিমানা দিতে বলা হয়েছে এবং আইপিএলের ভবিষ্যৎ আসরে এই ধরনের নিয়ম লংঘনের পুনরাবৃত্তি না করতে সতর্ক করা হয়েছে। বিসিসিআই আরও জানিয়েছে, পিএমওএ নিয়ম মেনে চলা বাধ্যতামূলক এবং এর যে কোনো ধরনের লংঘনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।













