বিশ্বকাপে হাইড্রেশন ব্রেকে কোটি কোটি ডলার আয়ের সুযোগ

আসন্ন বিশ্বকাপে হাইড্রেশন ব্রেকের সময় বিজ্ঞাপন প্রচারের অনুমতি দেবে ফিফা। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থার এই সিদ্ধান্ত সম্প্রচারকারী ও স্পন্সরদের জন্য কোটি কোটি ডলার আয়ের পথ খুলে দেবে।
এবারের বিশ্বকাপে শুধু ফুটবল খেলাই হবে না। ম্যাচ টিকিট থেকে শুরু করে কয়েকটি শহরে গণপরিবহনে যাতায়াত খরচও আকাশছোঁয়া থাকবে। এবার টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবার হাইড্রেশন ব্রেক চলাকালে টেলিভিশন নেটওয়ার্কদের বিজ্ঞাপন প্রচারের অনুমতি দেবে। তাতে সম্প্রচারকারী ও স্পন্সরদের রাজস্বের নতুন উৎস হতে যাচ্ছে এই বিরতি।
বিশ্বকাপে প্রত্যেক ম্যাচে বাধ্যতামূলক হাইড্রেশন ব্রেক থাকবে প্রতি অর্ধের ২২তম মিনিটে। এই বিরতি থাকবে তিন মিনিটের জন্য। আর হাফ টাইমের ১৫ মিনিটের বিরতি তো আছেই। প্রতি ম্যাচেই তিনটি অফিসিয়াল ব্রেক থাকবে, তাতে পুরো টুর্নামেন্ট জুড়ে ২০৮টি নতুন বিজ্ঞাপন উইন্ডো পাওয়া যাবে।
শিল্প বিশেষজ্ঞদের অনুমান, বিশ্বকাপ চলাকালে একটি ছোট বিজ্ঞাপনের মূল্য হতে পারে ২০ লাখ ডলার থেকে ৬০ লাখ ডলার পর্যন্ত, অবশ্যই তা বাজার ও শ্রোতার সংখ্যার ওপর নির্ভর করছে।
দ্য নিউ ইয়র্ক টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, হাইড্রেশন ব্রেকের প্রথম ২০ সেকেন্ড বিজ্ঞাপন প্রচার করা যাবে না এবং খেলা শুরুর অন্তত ৩০ সেকেন্ড আগে ম্যাচে ফিরতে হবে সম্প্রচারকারীদের। তাতে করে বিজ্ঞাপনের জন্য দুই মিনিট ১০ সেকেন্ড সময় পাওয়া যাবে।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন ভেন্যুতে উচ্চ তাপমাত্রার কারণে খেলোয়াড়দের স্বাস্থ্যের কথা ভেবে ফিফা আনুষ্ঠানিকভাবে এই বিরতির নিয়ম চালু করেছে। তবে ক্রীড়া বিপণন বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ একটি কৌশলগত বাণিজ্যিক সম্প্রসারণ।













