পুঠিয়ায় মানবিক প্রশাসনের দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড শিবু দাশ

রাজশাহীর পুঠিয়া উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ মানবিক প্রশাসনের একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি অসহায় ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়িয়ে দৃষ্টান্তমূলক ভূমিকা রাখছেন।
সাম্প্রতিক সময়ে তার উদ্যোগে উপজেলাজুড়ে দরিদ্র ও প্রান্তিক পরিবারের জন্য সহায়তা কার্যক্রম জোরদার করা হয়েছে। এসব কার্যক্রমের মধ্যে রয়েছে খাদ্যসামগ্রী বিতরণ, জরুরি চিকিৎসা সহায়তা প্রদান এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সরবরাহ।
মঙ্গলবার তিনি তাৎক্ষণিক সহায়তা দেন মাইপাড়া গ্রামের মৃত আশরাফের ছেলে মো. জুয়েলকে, যিনি সাহায্যের আশায় উপজেলা ভূমি কার্যালয়ে আসেন।
স্থানীয় সূত্র জানায়, ওই কর্মকর্তা নিয়মিতভাবে এলাকার বয়স্ক, প্রতিবন্ধী ও দিনমজুর পরিবারের খোঁজখবর রাখেন। কোথাও খাদ্য সংকট বা চিকিৎসার অভাবের খবর পেলেই দ্রুত ব্যবস্থা নেন তিনি।
এলাকাবাসী তার এ উদ্যোগকে “মানবিক প্রশাসনের বাস্তব উদাহরণ” হিসেবে উল্লেখ করে বলেন, মানুষের কথা মনোযোগ দিয়ে শোনা ও দ্রুত সাড়া দেওয়ার কারণে প্রশাসনের প্রতি মানুষের আস্থা বেড়েছে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ এই প্রতিবেদককে বলেন, “জনসেবা শুধু দায়িত্ব পালনের মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে মানবিকতার বিষয়টিও জড়িত। মানুষের দুর্দিনে পাশে দাঁড়ানো প্রশাসন ও জনগণের মধ্যে আস্থা ও সম্পর্ককে আরও দৃঢ় করে।”
তিনি আরও বলেন, “কারও কষ্টের খবর পেলেই দ্রুত সাড়া দেওয়ার চেষ্টা করি। ছোট সহায়তাও মানুষের জীবনে বড় পরিবর্তন আনতে পারে।”
পর্যবেক্ষকদের মতে, এ ধরনের উদ্যোগ প্রশাসনে সহমর্মিতার সংস্কৃতি গড়ে তুলতে সহায়ক হতে পারে এবং অন্যদের জন্যও অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।












